দেশের প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬’। শুক্রবার শুরু হলো এই প্রতিযোগিতার প্রথম আসর।
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য কার্নিভালে সারা দেশ থেকে পাঁচশ’র অধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, “এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে।”
ইতিমধ্যেই বিসিবি কর্তৃক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের জন্য ৯১ জন এবং হুইলচেয়ার ক্রিকেটের জন্য ৩৫ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে, এবং ব্লাইন্ড ক্রিকেট ক্যাটাগরিটি দেশের সকল আগ্রহী বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।



