দীর্ঘ পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ২০২১ সালে প্রচারিত ‘হাউজ নং ৯৬’-এর পর এবার তিনি অভিনয় করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে, যেখানে তটিনীকে ‘নূরজাহান’ চরিত্রে দেখা যাবে। নাটকটিতে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ অনেকেই। উল্লেখযোগ্যভাবে, এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সর্বশেষ ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকের মতো ‘ফিরে আসার গল্প’-এও পারিবারিক আবহ ও সম্পর্কের গল্পই প্রাধান্য পাবে বলে জানিয়েছেন নির্মাতা। বর্তমানে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে এবং আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর নাটকটির সম্প্রচারসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে রাজের পরিচালনায় ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তটিনী। সম্প্রতি তিনি নির্মাতার নতুন নাটক ‘পথহারা’-র শুটিংও শেষ করেছেন, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান, খায়রুল বাসার ও দীপা খন্দকার।
এদিকে, তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনীত নাটকটি ইউটিউবে মুক্তির পর দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। প্রকাশের মাত্র আট দিনেই নাটকটির ভিউ ১ কোটি ৩০ লাখ অতিক্রম করেছে। আজ (২৬ জুলাই) সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে তার নতুন নাটক ‘অমর প্রেম’। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।
নাটকে ব্যস্ত সময় পার করলেও তটিনীকে নিয়ে চলচ্চিত্রে অভিষেকের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই রয়েছে। তবে বিভিন্ন সময় সিনেমার প্রস্তাব পেলেও আপাতত বড় পর্দায় অভিষেকের পরিকল্পনা নেই তার। অভিনেত্রীর ভাষ্য, এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ নাটকে। নিজেকে আরও পরিণত ও প্রস্তুত করে তবেই চলচ্চিত্রে কাজ শুরু করতে চান তিনি।



