যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তবে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছে, নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন অঞ্চলে ছিল এর উৎপত্তিস্থল।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। হিমালয় অঞ্চলের কাছাকাছি এলাকাগুলোতে কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে একই দিন ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।



