বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রেও মজুরি ও ভ্যাটসংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের নকশা ও মান অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া পুরোনো স্বর্ণালঙ্কার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণালঙ্কার কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন মূল্য কার্যকর থাকবে।



