নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসব। প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন বাঙালিস অব নিউইয়র্কের আয়োজনে এবারের উৎসব ঘিরে প্রথম দিনেই ছিল দর্শক ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতি।
উৎসবের প্রথম দিনে নিউইয়র্কের প্রেক্ষাগৃহে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা বসে। সিনেমা প্রদর্শনের পাশাপাশি ছিল শিল্পী, নির্মাতা ও অতিথিদের অংশগ্রহণে নানা আয়োজন। লালগালিচায় তারকা ও অতিথিদের উপস্থিতি উৎসবের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।
আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যেরও ছিল সুন্দর উপস্থিতি। বিভিন্ন স্টলে দেশীয় পোশাক, হস্তশিল্প ও নানা পণ্যের প্রদর্শনী দেখা যায়। প্রবাসের মাটিতে এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও চলচ্চিত্রকে আরও কাছাকাছি নিয়ে আসছে।
প্রথম দিনের নানা মুহূর্তের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দর্শকদের উচ্ছ্বাস, শিল্পীদের অংশগ্রহণ এবং বাঙালি সংস্কৃতির নানা আয়োজন মিলিয়ে নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবের শুরুটা হয়েছে বেশ জমজমাটভাবেই।



