আসন্ন ইংরেজি নববর্ষ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ২০২৬ ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এই সময়ে ক্যাম্পাসের ভেতরে আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বরসহ সবকটি প্রবেশপথ দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। শিক্ষক ও কর্মচারীদের পরিবারের সদস্যরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে প্রবেশের সুযোগ পাবেন। যানবাহনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে; বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ সময়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ জানিয়েছে। নববর্ষের রাতে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ রক্ষা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।



