দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া জাতীয় দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়াকে মাত্র ১০৫ রানে আটকে দেওয়ার পর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৭ উইকেট ও ৭৪ বল হাতে রেখে পাওয়া এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করেছে এইচপি দল।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। শুরুতেই মোহাম্মদ রুবেলের বোলিংয়ে ধাক্কা খায় সফরকারীরা। ৫ বল খেলে কোনো রান না করেই ফেরেন ওপেনার সাইফ উল্লাহ মালিক। এরপর আসলাম খান বিন মালিক ও অধিনায়ক সৈয়দ আজিজ জুটি গড়ার চেষ্টা করলেও রাকিবুল হাসানের বলে ২০ বলে ১৮ রান করে ফেরেন আসলাম।
এক প্রান্ত আগলে রাখলেও ধীরগতির ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি সৈয়দ আজিজ। চার নম্বরে নেমে আহমেদ আকীল ওয়াহিদ কিছুটা প্রতিরোধ গড়েন। তবে আবু হায়দার রনির বলে ৩৩ বলে ৩০ রান করে ৭৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত আজিজ ৫২ বলে ৪০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি এবং একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান।
১০৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ এইচপি। জাওয়াদ আবরার মাত্র ৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দ্রুত এগিয়ে দেন। এরপর জিসান আলম একপ্রান্তে তাণ্ডব চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে নিয়ে নেন। আরিফুল ইসলাম ৩ বলে ৪ এবং সাব্বির রহমান ৮ বলে ১২ রান করে ফিরলেও জিসানের ব্যাটিংয়ে কোনো ছন্দপতন ঘটেনি।
মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করেন জিসান আলম। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন তিনি। শামীম হোসেন পাটোয়ারী ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। মালয়েশিয়ার হয়ে আরিফ উল্লাহ ২টি এবং প্রশান্ত মাধুকার ১টি উইকেট নেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচেও মালয়েশিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ এইচপি দল। ফলে টানা দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ।



