যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সফলভাবে সম্পন্ন করেছে তাদের বার্ষিক নির্বাচন। নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করতে কাজ করবে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তাহরিমা মহসিন মোহনা। সহসভাপতির দায়িত্বে রয়েছেন জাইবুল আনাম, সাধারণ সম্পাদক হয়েছেন অরুণাভ দাস, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সুশ্মিতা রায়, সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তন্দ্রা ঘোষ এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীকৃষ্ণ চৌধুরী।
সংগঠনটির নতুন নির্বাহী কমিটি জানিয়েছে, তারা ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন নতুন আয়োজনের মাধ্যমেও সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিদেশের মাটিতে বাংলাদেশকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা এই তরুণ নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যরা। তাদের হাত ধরে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।



