ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী ‘শীতকালীন বইমেলা-২০২৫, সিজন-২’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মেলাটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
চার দিনব্যাপী এই বইমেলায় দেশের স্বনামধন্য ২৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দর্শনার্থীদের জন্য মেলায় থাকছে ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী বই, সিরাত, কবিতা, শিশুতোষ বইসহ নানা ধরনের প্রকাশনা।
আয়োজক কমিটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল’ জানিয়েছে, বইমেলার পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন। এর মধ্যে রয়েছে লেখক-পাঠক আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, কোরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিনামূল্যে গাছের চারা বিতরণ, অনুপ্রেরণামূলক বক্তৃতা ও সেমিনার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, “আমরা শীতকালীন বইমেলা এ বছর আয়োজন করতে পেরেছি, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বইমেলা সর্বজনীন—সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন, জ্ঞান আহরণ করুন।” তিনি আরও জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও ঢাবির বার্ষিক আয়োজনের অংশ হিসেবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ছানাউল্লাহ ও সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর।



