
দেশের তরুণ প্রযুক্তি উদ্ভাবকদের জন্য বৃহৎ পরিসরের উদ্যোগ ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’-এর প্রস্তুতির অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছে ক্লাউডক্যাম্প বাংলাদেশ টিম।
সফরকালে ভবিষ্যৎ সহযোগিতা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং যুবসমাজকে কেন্দ্র করে বিভিন্ন উদ্যোগ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিনিধিরা জানান, আগামী ১২ জুন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’, যেখানে তরুণ নির্মাতা, শিক্ষাপ্রতিষ্ঠান, মেন্টর, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিল্পখাতের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং বাস্তবমুখী উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে, ক্লাউডক্যাম্প বাংলাদেশ ইঙ্গিত দিয়েছে যে জুনের এই আয়োজনের পর চলতি বছরের ডিসেম্বর মাসে আরও বৃহৎ পরিসরে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হবে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটি দেশের তরুণ উদ্ভাবকদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি করবে বলে জানানো হয়েছে।
প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ক্লাউডক্যাম্প বাংলাদেশের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের উদ্ভাবন ও প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


