ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায়। তার অভিনীত সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল ও উৎসবের আবহ। তবে সাফল্যের এই ধারাবাহিকতার মধ্যেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতা শূন্যই রয়ে গেল এই সুপারস্টারের। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী জানা গেছে, শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’ পাঁচটি বিভাগে পুরস্কৃত হলেও শ্রেষ্ঠ অভিনেতার তালিকায় তার নাম নেই। ফলে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের স্বপ্ন এবার অপূর্ণই থেকে গেল।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ গত বছর মুক্তির পর থেকেই ব্যবসায়িক সাফল্যের শীর্ষে অবস্থান করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও সিনেমাটি শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার এবং শ্রেষ্ঠ মেকআপম্যান—এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে সম্মাননা অর্জন করেছে। স্বাভাবিকভাবেই ভক্তদের প্রত্যাশা ছিল, এই সিনেমার সুবাদে শাকিব খান হয়তো পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পাবেন। এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘সত্তা’ সিনেমার জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন শাকিব খান। শুরুতে তার পথচলা খুব একটা সহজ ছিল না। তবে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে তিনি ঘুরে দাঁড়ান এবং ধীরে ধীরে ঢালিউডের একচ্ছত্র নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে টানা প্রায় এক দশক ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি।
ক্যারিয়ারের উত্থানের সঙ্গে সঙ্গে বদলেছে তার পারিশ্রমিকের অঙ্কও। অভিনয় জীবনের শুরুতে যেখানে এক লাখ টাকারও কম পারিশ্রমিক নিতেন, সেখানে ২০০৮ সালেই ছবিপ্রতি ৪০ লাখ টাকা পারিশ্রমিকে পৌঁছে যান শাকিব। আর ‘প্রিয়তমা’র বিপুল সাফল্যের পর ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’-এর মতো সিনেমায় কাজ করে দফায় দফায় নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন আরও উচ্চতায়। জাতীয় পুরস্কার এবার তার ঝুলিতে না এলেও, বক্স অফিসের হিসাব ও দর্শকের ভালোবাসায় তিনি যে এখনো ঢালিউডের ‘নাম্বার ওয়ান’—তা তার ব্যস্ততা ও পারিশ্রমিকই স্পষ্ট করে বলে দেয়।



