অবশেষে ঘোষণা করা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ বছরের বিজয়ীদের নাম জানানো হয়। এতে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো এবং ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইনুন পুতুল।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। চূড়ান্ত বিচারকার্য শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমাটি সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেয়েছেন খন্দকার সুমন।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল (‘সুড়ঙ্গ’) এবং সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্ষা (‘ওরা সাত জন’)। সেরা খল অভিনেতা নির্বাচিত হয়েছেন আশীষ খন্দকার (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’) এবং সেরা কৌতুক অভিনেতার স্বীকৃতি পেয়েছেন শহীদুজ্জামান সেলিম (‘সুড়ঙ্গ’)।
শিশুশিল্পী বিভাগে ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার মো. লিয়ন সেরা শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। একই সিনেমার জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কার পেয়েছেন আরিফ হাসান আনাইয়া খান। সংগীত বিভাগে সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’)। সেরা গায়ক নির্বাচিত হয়েছেন বালাম (‘প্রিয়তমা’) এবং সেরা গায়িকা হয়েছেন অবন্তী দেব সিথি (‘সুড়ঙ্গ’)। সেরা গীতিকার সোমেশ্বর অলি এবং একই গানের জন্য সেরা সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ (‘প্রিয়তমা’)।
কারিগরি বিভাগে সেরা নৃত্য পরিচালক হয়েছেন হাবিবুর রহমান (‘লাল শাড়ি’), সেরা কাহিনিকার ফারুক হোসেন (‘প্রিয়তমা’), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (‘রক্তজবা’) এবং সেরা গল্পকার হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (‘সুড়ঙ্গ’)। সেরা সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন আহমেদ বাবু (‘ওরা সাত জন’)।
এ ছাড়া ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম, সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার এবং সেরা পোশাক ও সাজসজ্জার পুরস্কার পেয়েছেন বিথী আফরিন। সেরা শব্দগ্রাহক নির্বাচিত হয়েছেন সুজন মাহমুদ (‘সাঁতাও’) এবং সেরা মেকআপ ম্যান হয়েছেন সবুজ (‘প্রিয়তমা’)।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে চৈতালী সমদ্দার নির্মিত ‘মরিয়ম’ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি সেরা প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এলিজা বিনতে এলাহী নির্মিত ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বৈচিত্র্য ও সৃজনশীলতার একটি শক্তিশালী প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।



