দেশে পেশাদার খেলোয়াড় গড়ে তুলতে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বিকাশে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান কিশোররা মাসিক বৃত্তি পাবে। এছাড়া প্রতিটি উপজেলায় ক্রীড়া শিক্ষক নিয়োগ, ৬৪ জেলায় ক্রীড়া গ্রাম নির্মাণ এবং ৪৫০ উপজেলায় ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সরকার প্রতিটি ওয়ার্ডের খেলার মাঠ দখলমুক্ত করা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের মূলধারার ক্রীড়ায় যুক্ত করা এবং প্রতি বিভাগে বিকেএসপির শাখা স্থাপনের উদ্যোগও নিয়েছে।
এদিকে, বিসিবির অনিয়ম তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।



