গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুর্লভ প্রজাতির দুই রিং-টেইল্ড লেমুর উদ্ধার করা হয়েছে ভারতের গুজরাটে অবস্থিত শিল্পপতি মুকেশ আম্বানির বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র ‘ওয়ানতারা’ থেকে। ২০২৫ সালের মার্চ মাসে সাফারি পার্ক থেকে চুরি যাওয়া এই দুর্লভ প্রাণীদের আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে সেখানে পাঠানো হয়েছিল। সিআইডি (CID) তদন্তে এ তথ্য উঠে এসেছে।
তদন্তকারীদের মতে, গাজীপুর থেকে চুরির পর প্রাণী দুটিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করা হয়। মেহেরপুরের দর্শনা সীমান্ত এলাকা দিয়ে এই রিং-টেইল্ড লেমুর দুটিকে ভারতে সীমান্ত পার করানো হয়েছিল। এরপর কয়েক দফায় হাতবদল হয় এগুলো। একাধিক পাচারকারীর হাত ঘুরে শেষ পর্যন্ত প্রায় ৪৮ লাখ রূপিতে এ দুটিকে বিক্রি করে দেওয়া হয় আম্বানি পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত ওই বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার কেন্দ্রে।
বর্তমানে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সিআইডি এবং বাংলাদেশ সরকার। এ উদ্দেশ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের (Interpol) সহায়তা চাওয়া হয়েছে। তবে দুই লেমুরকে ফেরত আনার প্রক্রিয়াটি বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ লেমুরগুলোর শরীরে কোনো মাইক্রোচিপ বসানো ছিল না এবং পার্ক কর্তৃপক্ষের কাছে কোনো সংরক্ষিত ডিএনএ (DNA) নমুনাও নেই। সঠিক শনাক্তকরণ নথি ও ডিএনএ প্রমাণের অভাবে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় আইডেন্টিটি নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
তবুও ইন্টারপোল ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চুরি যাওয়া এই অনন্য বন্যপ্রাণী দুটিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিআইডি ও সংশ্লিষ্ট প্রশাসন।



