ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ মঙ্গলবার আকস্মিকভাবে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি এখানে চার-পাঁচ দিন অবস্থান করবেন। তবে ফুটবল নয়, ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে তিনি এই সফর করছেন। ইংল্যান্ডে ব্যস্ত সময় কাটানোর কারণে ফিফা উইন্ডোর বাইরে বাংলাদেশে আসার সুযোগ পান না হামজা। চলতি মৌসুম শেষ হওয়ায় সময় পেয়ে তিনি কমার্শিয়াল কাজে ঢাকায় এসেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানান, হামজা ব্যক্তিগত কারণে আসছেন এবং ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানে না। তিনি জানান, বাণিজ্যিক কাজেই তিনি এখানে কয়েক দিন অবস্থান করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ম্যাচ ৫ জুন সান মারিনোতে। সেই ম্যাচের জন্য ২৪ মে থেকে দেশে অনুশীলন শুরুর কথা। হামজার সরাসরি সান মারিনো যাওয়ার কথা থাকলেও হঠাৎ ঢাকায় আসায় বাফুফে কর্মকর্তারা তাঁর সঙ্গে আসন্ন ম্যাচ ও অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারেন।



