বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, দুজন প্রশিক্ষক—একজন তাইচি ও একজন ক্রিকেট প্রশিক্ষক—এবং একজন দোভাষী। দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন।
অন্যদিকে, চীনা বিশ্ববিদ্যালয় থেকে আসা দুই প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রাম বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



