
বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান, ৯৩ বছর বয়সী ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া গত ৭ জুন “সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে” ইউরোপে যাওয়ার পর থেকে দুই মাসেরও বেশি সময় ধরে জনসম্মুখের বাইরে রয়েছেন। এই দীর্ঘ অনুপস্হিতি ক্যামেরুনের রাজনৈতিক পরিমণ্ডলে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। সম্প্রতি সরকারি মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি জানান, প্রেসিডেন্ট জেনেভায় অবস্থান করছেন এবং সুস্থ আছেন। তবে বিরোধী দলগুলো তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণার দাবি জানিয়েছে।
১৯৮২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ক্যামেরুনের শাসন ক্ষমতায় রয়েছেন পল বিয়া। সাম্প্রতিক সময়গুলোতে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করে রাষ্ট্র পরিচালনা করায় প্রশাসনিক কার্যকারিতা ও স্বাস্থ্যের বিষয়টি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, বিয়া বিদেশ থেকেই নিয়মিত সরকারি নথিপত্র পর্যালোচনা করছেন এবং প্রশাসনিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্টের এই অনুপস্থিতির মধ্যেই ৩ আগস্ট তিনটি নতুন অধ্যাদেশের মাধ্যমে সশস্ত্র বাহিনীর শীর্ষ প্রশাসনিক পদগুলোতে রদবদল আনা হয়। উক্ত রদবদলের আওতায় রাষ্ট্রপতির দেহরক্ষী বহরের প্রধানকে পদোন্নতি প্রদান করা হয় এবং দেশের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলের কমান্ডে পরিবর্তন আনা হয়। প্রশাসনিক কর্মকর্তারা এই পদক্ষেপগুলোকে নিয়মিত শাসনকার্যের অংশ হিসেবে বর্ণনা করলেও, প্রেসিডেন্টের দেশে ফেরার কোনো নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


