ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও দীর্ঘ ১৬ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ব্রাজিলের হলুদ জার্সিকে বিদায় জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী নেইমার। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে তার পথচলা এখানেই শেষ। দেশের জার্সির জন্য তিনি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন, অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, তবে এখন আর এই অধ্যায় চালিয়ে যেতে চান না।
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হওয়া নেইমার দেশের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০টি গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন। যদিও বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবুও ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম স্থায়ীভাবে লিখে রেখেছেন তিনি।
চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের পর থেকেই নেইমারের অবসরের গুঞ্জন জোরালো হয়। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে তার আবেগঘন মুহূর্তও ব্যাপক আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত সেই ম্যাচটিই হয়ে রইল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।
জাতীয় দল থেকে অবসরের পর এখন পুরোপুরি ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই জয়ের ফলে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।
এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করার অভিযোগও স্পষ্টভাবে অস্বীকার করেছেন নেইমার। তার ভাষ্য, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক আলোচনা করেছিলেন মাত্র। তবে সেই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে।
সূত্র: গোল ডট কম



