তামিল সুপারস্টার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’ আগামী ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিই তার শেষ সিনেমা বলে ঘোষণা দেওয়ায় ছবিটি ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। দীর্ঘদিনের অপেক্ষার পর বিজয়কে শেষবারের মতো বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা।
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রীতিমতো রেকর্ড গড়েছে ‘জন নয়াগণ’। চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি আয় করেছে, যা তামিল চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় প্রি-সেলস রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা ধীর থাকলেও মুক্তির দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকিট বিক্রির গতি কয়েকগুণ বেড়ে যায়।
রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। এর পরেই রয়েছে কর্ণাটক, যেখানে বিক্রি হয়েছে প্রায় ৪ কোটি ৮৮ লাখ রুপির টিকিট। কেরালা থেকেও এসেছে প্রায় ১ কোটি ৮০ লাখ রুপির অগ্রিম আয়। ইতোমধ্যে সিনেমাটি বিজয়ের আগের ব্লকবাস্টার ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’–এর অগ্রিম বুকিং রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ভারতে ৫০ থেকে ৬০ কোটি রুপির ব্যবসা করতে পারে ‘জন নয়াগণ’। শেষ মুহূর্তের টিকিট বিক্রি প্রত্যাশার চেয়েও বেশি হলে এই অঙ্ক আরও বাড়তে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
এইচ. ভিনোথ পরিচালিত সিনেমাটিতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে ‘জন নয়াগণ’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং তার দীর্ঘ ও সফল চলচ্চিত্র ক্যারিয়ারের একটি আবেগঘন অধ্যায়ের সমাপ্তি হিসেবেও দেখা হচ্ছে।



