ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরীক্ষা গবেষণাগারের মানপরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে জনপ্রিয় প্রতিষ্ঠান কাজী ফার্মসের ‘মাফিন কেক’। ল্যাব পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, এই কেকটি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং সম্পূর্ণ খাওয়ার অযোগ্য বলে প্রমাণিত হয়েছে। নিম্নমানের এবং অনিরাপদ খাদ্য বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
পরীক্ষার প্রাপ্ত তথ্যে দেখা যায়, উৎপাদনের মাত্র ১৫ দিন পরেই পরীক্ষা করা হলেও কাজী ফার্মসের মাফিন কেকের অ্যাসিডিটির মাত্রা পাওয়া গেছে ৩.৩২, যেখানে সরকারের নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রা সর্বোচ্চ ১। অ্যাসিডিটির পাশাপাশি কেকটিতে আদ্রতার পরিমাণও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, কাজী ফার্মস এই মাফিন কেকটির মেয়াদ দুই মাস বলে বাজারজাত করলেও ল্যাব পরীক্ষায় সরকার নির্ধারিত কোনো প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী উপাদানের উপস্থিতিই মেলেনি। এমন অনিয়ম ও খাদ্যে ভেজালের প্রমাণ পাওয়ায় খাদ্যের মান নিয়ন্ত্রণকারী আদালত কাজী ফার্মসকে ৮ লাখ টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে।



