পরিধেয় প্রযুক্তিতে নতুন চমক আনতে যাচ্ছে মেটা। স্মার্ট চশমার সাফল্যের পর এবার এআই পেন্ডেন্ট বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের শেষভাগে এআই স্টার্টআপ ‘লিমিটলেস’ অধিগ্রহণের পর তাদের প্রযুক্তির ভিত্তিতে তৈরি হচ্ছে স্ক্রিনবিহীন এই ছোট ডিভাইসটি। এটি গলায় লকেট বা কাপড়ে ক্লিপ হিসেবে সংযুক্ত থাকবে এবং ‘অলওয়েজ-অন কনটেক্সট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করবে। এতে থাকছে স্মার্ট মাইক্রোফোন, এআই ট্রান্সক্রিপশন, মিটিংয়ের সারাংশ তৈরির সুবিধা, ইমেইল ও ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয়ে প্রাসঙ্গিক বিশ্লেষণ এবং রিমাইন্ডার ও করণীয় সাজেশনের ক্ষমতা। রে-ব্যান ও ওকলির সঙ্গে যৌথভাবে স্মার্ট গ্লাস তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে মেটা নতুন এই ডিভাইস তৈরি করছে। যদিও হার্ডওয়্যার বিভাগ ‘রিয়ালিটি ল্যাবস’ চলতি বছরের প্রথম প্রান্তিকে ৪.০৩ বিলিয়ন ডলার লোকসান করেছে। এই লোকসান কাটিয়ে উঠতে ওয়্যারেবলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল নতুন কৌশল নিয়েছেন। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ১ কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রির লক্ষ্যমাত্রা এবং ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য ‘ওয়্যারেবলস ফর ওয়ার্ক’ সেবার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ডিভাইস এআই ও দৈনন্দিন জীবনের মেলবন্ধনে নতুন যুগের সূচনা করবে। আগামী বছর থেকেই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।



