আইপিএলের এক ম্যাচে ৫২৯ রান! ভারতীয় ক্রিকেটের অন্যতম আকর্ষণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঘটেছে ইতিহাসের নজিরবিহীন এক ঘটনা। শনিবার (২৫ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২৬৪ রান। কেএল রাহুল অপরাজিত ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা আইপিএলে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
কিন্তু এত বড় লক্ষ্য তাড়া করতে পিছপা হয়নি পাঞ্জাব কিংস। ওপেনার প্রিয়াংশ আরিয়া (১৭ বলে ৪৩) ও প্রাভসিমরন সিং (২৬ বলে ৭৬) শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতেই ১০০ রান তুলে ম্যাচের ভিত গড়ে দেয় পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৭১ রানের কার্যকর ইনিংস খেলেন। নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংয়ের সঙ্গীতে ৭ বল হাতে রেখেই ২৬৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস।
এর ফলে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল পাঞ্জাব। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেও এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড। এর আগে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬১ রান তাড়া করে জিতেছিল পাঞ্জাব। এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে পাঞ্জাব কিংস।



