২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত রোববার (৪ জানুয়ারি) বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে। একই সাথে এই পরীক্ষার ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করার বিষয়টিও নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ফরম পূরণের গুরুত্বপূর্ণ সময়সূচিও উল্লেখ করা হয়েছে। আগামী ১১ মার্চ ২০২৬ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত দিকনির্দেশনা এবং চূড়ান্ত সময়সূচি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে অভিহিত করে বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি কলেজ প্রধানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।



