ক্লাবটির বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার আস্তুরিয়াস প্রাদেশিক আদালতের দ্বিতীয় বিভাগ ওই সমর্থককে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। ২০২৫ সালের ২৪ আগস্ট কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদো ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদের তথ্যমতে, বিদ্বেষমূলক অপরাধের দায়ে ওই ব্যক্তিকে ১১ মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন অযোগ্যতা আরোপ এবং জরিমানাও করা হয়েছে। তবে আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত না থাকার শর্তে তার কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে।
তবে সাজাপ্রাপ্ত ওই সমর্থকের নাম প্রকাশ করেনি রিয়াল মাদ্রিদ। এর আগে ক্লাবটির আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায়ও কয়েকজন সমর্থকের দোষী সাব্যস্ত হওয়ার নজির রয়েছে।



