পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (১১ মে) থেকে সারা দেশে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, ৭২০টি ট্রাকের মাধ্যমে আগামী ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ সাধারণ মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহরে ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১৩০ টাকা), এক কেজি চিনি (৮০ টাকা) এবং দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) কিনতে পারবেন। এছাড়া প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের জন্য মে মাসে ভর্তুকিমূল্যে ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের জন্য পণ্যের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।



