বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে ইউজিসি চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতাকে দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউজিসিতে বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় তিনি এ কথা বলেন। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক বিচারকদের রায়ে বিজয়ী ঘোষণা করা হয় বাংলাদেশের দল ‘zAI BD’-কে। ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)। বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি করাই ছিল প্রতিযোগিতার মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় বাংলাদেশের দলের তৈরি এআই প্ল্যাটফর্মটির নাম ‘ক্লজচেইন’। এটি বিভিন্ন দেশের সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করতে পারে। পাশাপাশি আইনের বিভিন্ন ধারার সঙ্গে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের (আরডিটিআইআই) সূচকের সামঞ্জস্যও যাচাই করে। প্ল্যাটফর্মটির বিশেষত্ব হলো, এআইয়ের মাধ্যমে পাওয়া প্রতিটি তথ্য ও উদ্ধৃতি মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন কার্যকর আছে কি না এবং তথ্যের উৎস সরকারি কি না, তা যাচাই করা হয়। নয়টি স্বয়ংক্রিয় যাচাইপ্রক্রিয়ার যেকোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ দেওয়া হয়।
বর্তমানে ‘ক্লজচেইন’ ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে সক্ষম। ইতিমধ্যে ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা এতে প্রক্রিয়াজাত করা হয়েছে। সম্পূর্ণ উন্মুক্ত উৎসের এই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক আইন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বিডিরেন। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারে স্থাপিত এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক ব্যবহারের সুযোগ পান দলের সদস্যরা। এর মাধ্যমে নিজস্ব বৃহৎ ভাষা মডেল, পাঠ্য বিশ্লেষণ ও ওসিআর প্রযুক্তি কাজে লাগিয়ে বিদেশি বাণিজ্যিক এআই সেবা কিংবা এপিআইয়ের ওপর নির্ভর না করেই বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি অবকাঠামোতে পুরো বিশ্লেষণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। দলনেতা আবু নাছের মুহা. নাফিউ জানান, তাঁদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা যায়। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা দেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই পরিচালনার সক্ষমতা প্রমাণ করেছে। তিনি আরও জানান, ‘ক্লজচেইন’কে আরও উন্নত করে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইউএনএসকাপের ট্রেড পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন বিভাগ।



