ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়েছে। রোববার (২৪ মে) মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। এর আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়েছে পাঞ্জাব কিংস (১৫ পয়েন্ট) ও কলকাতা নাইট রাইডার্সের (১৩ পয়েন্ট)। চারে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬।
প্লে-অফের প্রথম ম্যাচ (প্রথম কোয়ালিফায়ার) ২৬ মে। ধর্মশালায় আরসিবির বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ২৭ মে নিউ চণ্ডীগড়ে এলিমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। এলিমিনেটরে হারা দল বিদায় নেবে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরে জয়ী দল ২৯ মে নিউ চণ্ডীগড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সেখানে জয়ী দল ফাইনালে উঠবে। ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। উল্লেখ্য, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্লে-অফ নিশ্চিত করেছে।



