অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। একই সভায় মেয়র নির্বাচিত হয়েছেন ভিন্স ফেরেরি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।
২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা রহমান। একই ওয়ার্ড থেকে নির্বাচিত অন্য দুই কাউন্সিলর হলেন ভিন্স ফেরেরি ও ড. আবহা সুরি। ক্যামডেন কাউন্সিলে নর্থ, সেন্ট্রাল ও সাউথ—এই তিনটি ওয়ার্ডে মোট নয়জন কাউন্সিলর রয়েছেন।
কাউন্সিলরদের দায়িত্বের মধ্যে স্থানীয় এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পরিকল্পনা, কমিউনিটির প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যামডেনের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ অন্যতম। ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার আগে এলিজা রহমান কাউন্সিলর হিসেবে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন। পাশাপাশি বহু সাংস্কৃতিক সমাজ ও অভিবাসী কমিউনিটির সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
এলিজা রহমান মাল্টিলিঙ্গুয়াল কমিউনিটি অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংগঠনটি সিডনির সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন এবং অভিবাসী কমিউনিটিকে সহায়তা করার লক্ষ্যে কাজ করে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এলিজা রহমান বাংলাদেশি হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ের কথা জানিয়েছেন।
এদিকে মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলর ভিন্স ফেরেরি। তিনিও ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো ক্যামডেন কাউন্সিলর নির্বাচিত হন।
এলিজা রহমানের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার এই অর্জনকে অনেকেই অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ও জনসেবায় বাংলাদেশি নারীদের অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন।



