ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এক বড় ঘোষণায় নাড়িয়ে দিয়েছেন সংগীতজগত। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না—এমন ঘোষণা দিয়েছেন তিনি, যা শুধু তার ভক্তদেরই নয়, গোটা সংগীতপ্রেমী সমাজকে হতবাক করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ সিদ্ধান্তের কথা জানান অরিজিৎ নিজেই।
ভারতীয় সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় শিল্পীদের একজন অরিজিৎ সিং। তাই হঠাৎ করে তার এমন সিদ্ধান্ত সামনে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিৎ শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি জানান, দীর্ঘদিনের প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার যাত্রার এখানেই ইতি টানছেন এবং নতুন এক সফর শুরু করতে যাচ্ছেন।
পোস্টে অরিজিৎ লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ঘোষণা করছি, এখন থেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব নেব না। এই সফরটা ছিল সত্যিই অসাধারণ।’ তিনি আরও বলেন, ‘ঈশ্বর আমার প্রতি সদয় ছিলেন। আমি মূলত একজন সংগীতপ্রেমী। ভবিষ্যতে আরও শিখতে চাই এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজের কাজ নিজে করে যেতে চাই। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে, সেগুলো শেষ করব। তবে স্পষ্ট করে বলতে চাই—আমি সংগীত তৈরি করা বন্ধ করছি না।’
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্র হয়ে উঠেছে। কেউ কেউ এই সিদ্ধান্তে হতবাক, আবার অনেকেই মনে করছেন—এটি প্লেব্যাক থেকে অবসর নয়, বরং অরিজিতের জীবনের নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিৎ সিংয়ের সংগীতযাত্রা। আজ তার কণ্ঠের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মাত্র ৩৮ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী।



