ভুটান ও ম্যাকাও নারী ফুটবল দলের মধ্যকার ফিফা টায়ার-ওয়ান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের তিন ফুটবল অফিসিয়াল। ইতোমধ্যে ভুটান পৌঁছেছেন ফিফা রেফারি শারাবান তহুরা ও দুই ফিফা সহকারী রেফারি সালমা আক্তার মনি ও আসাদুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় এই ম্যাচ দিয়ে সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হচ্ছে শারাবান তহুরা ও আসাদুল ইসলামের। চলতি বছরই তারা ফিফা রেফারি ও সহকারী রেফারির ব্যাচ পেয়েছেন।
দক্ষিণ এশিয়া অঞ্চলের বয়সভিত্তিক আসরে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা থাকলেও সিনিয়র পর্যায়ে এটি তাদের প্রথম ম্যাচ। অন্যদিকে সালমা আক্তার মনি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করছেন এবং দক্ষিণ এশিয়া ও এশিয়ান পর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ পরিচালনা করেছেন। ভুটান ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে তাদের নিয়োগ দিয়েছে। ৭ এপ্রিল ম্যাচ শেষে ৮ এপ্রিল তারা দেশে ফিরবেন।



