ফ্রান্স ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। বৃহস্পতিবার (২৮ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মিস ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও ব্যবস্থাপনা তাদের মূল্যবোধ ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আসরে ‘বহু ধরনের অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি’ দেখে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশ নেওয়ার পর এটিই প্রথমবার ফ্রান্স মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ালো। মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, মিস ইউনিভার্স সব সময় ফ্রান্সকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল, কিন্তু নিজেদের প্রতিযোগিতার স্বাতন্ত্র্য ও মূল্যবোধ বজায় রাখাই তাদের দায়িত্ব। তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয়; ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবার অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রেখেছে ফ্রান্স। ফ্রান্সের এ সিদ্ধান্তে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের অংশগ্রহণকারী দেশটির সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।



