ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ তাকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ ডিগ্রিতে ভূষিত করেছে।
এই বিরল অর্জনের মধ্য দিয়ে রানি মুখার্জি, বলিউড বাদশাহ শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে এই বিশেষ সম্মাননা অর্জন করলেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি কেবল প্রথাগত বিনোদনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে নারী ক্ষমতায়ন ও বিভিন্ন সামাজিক গুরুত্ব বহনকারী চরিত্রে অনবদ্য অভিনয় উপহার দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, তার অভিনীত কাজগুলো বিনোদনের পাশাপাশি সমাজে গভীর চিন্তার খোরাক জোগাতে এবং সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত এই ডিগ্রি তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারে আরেকটি নতুন এবং গৌরবোজ্জ্বল সাফল্যের পালক যুক্ত করল।



