আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে সেই হতাশার জবাব দিলেন ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভয়ংকর এক ইনিংস খেলে। পাঞ্জাব আন্তঃজেলা সিনিয়র ওয়ানডে প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে খেলতে নেমে মাত্র ৯১ বলে ২৩৩ রানের অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়েছেন তিনি।
রোববার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে তরন তারণের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অভিষেক। তার ২৩৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২৫টি বিশাল ছক্কায়। ২৫৬.০৪ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে অমৃতসর। ম্যাচ শেষে তার এই বিস্ফোরক ইনিংসের ভিডিও ও স্কোরকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে অভিষেকের ‘স্টেটমেন্ট ইনিংস’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে করেন মাত্র ১১ রান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ১৩১ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে করেন ৪৯ রান। শেষ ১০টি টি-টোয়েন্টি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক। বিশেষ করে অফস্পিনারদের বিপক্ষে বারবার ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠেছিল তার টেকনিক নিয়েও।
বিশ্লেষকদের মতে, ঘরোয়া ক্রিকেটে ২৩৩ রানের এই ঝড়ো ইনিংস অভিষেক শর্মার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে। জাতীয় দলে নিজের জায়গা আরও শক্ত করতে এবং সমালোচনার জবাব দিতে এই ইনিংস হতে পারে তার জন্য নতুন শুরুর বার্তা।



