ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে, যদিও দিনের শুরুতেই তা ছিল ৯৮ ডলারের উপরে। একইভাবে মার্কিন নাইমেক্স লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে; মার্চের শুরুতে তা ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষে সর্বোচ্চ ১১৯ ডলারে ঠেকে। প্রণালি উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্যারিসের সিএসি ও ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক দুই শতাংশের বেশি বেড়েছে, লন্ডনের এফটিএসই সূচকেও কিছুটা বৃদ্ধি ঘটেছে। লেনদেন শুরুর প্রথম মিনিটেই ডাও জোনস সূচক ১.৩% এবং এসঅ্যান্ডপি ০.৭% বেড়েছে।
(সূত্র: বিবিসি)



