ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৭তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের এই অবস্থান এখনো নিচের দিকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও সামাজিক আস্থা, নিরাপত্তা ও মানসিক সুস্থতার মতো সূচকে বাংলাদেশ এখনো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।
এবারের প্রতিবেদনে টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। ইউরোপীয় এই দেশটির সাফল্যের পেছনে রয়েছে নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা, সমান সুযোগ-সুবিধা, কম দুর্নীতি এবং সরকারের প্রতি আস্থা। ফিনিশদের জীবনযাত্রার ভারসাম্য ও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককেও তাদের সুখের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে।
তালিকার দ্বিতীয় অবস্থানে আছে আইসল্যান্ড। এরপর ক্রমানুসারে রয়েছে ডেনমার্ক, কোস্টারিকা, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, ইসরায়েল, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড। তবে প্রতিবেদনে উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে, তরুণদের মধ্যে সুখ কমে যাওয়ার প্রবণতা। এর পেছনে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারকে বড় ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়েছে।



