একসময় যা কেবল কল্পবিজ্ঞানের গল্প বলে মনে হতো, তা এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। মহাকাশে পরীক্ষামূলকভাবে ধান চাষ করে নতুন সাফল্য অর্জন করেছেন চীনের নভোচারীরা। দেশটির নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে এই বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালিত হয়েছে। দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে পৃথিবীর ওপর খাদ্যের নির্ভরতা কমানো এবং ভবিষ্যতে চাঁদ, মঙ্গল কিংবা গভীর মহাকাশে মানববসতি স্থাপনের সম্ভাবনা নিয়ে গবেষণায় এই অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গত ২৪ মে পৃথিবী থেকে উৎক্ষেপিত শেনঝৌ-২৩ মিশনের মাধ্যমে ধানের বীজ তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠানো হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় ধরে বীজগুলোর নিবিড় পরিচর্যা করা হয়। পরে প্রথম ধাপের ধানের নমুনা সংগ্রহ বা ফসল কাটার কাজ সম্পন্ন করেন নভোচারী জু ইয়াংঝু, ঝাং ঝিয়ুয়ান ও লাই কা-ইং। চায়না ম্যানড স্পেস এজেন্সির প্রকাশিত ভিডিওতে নভোচারীদের ধান সংগ্রহ করে গবেষণার জন্য তা নিরাপদে সংরক্ষণ করতে দেখা গেছে।
এর আগে ২০২২ সালে তিয়ানগং মহাকাশ স্টেশনে ১২০ দিনে ধানের সম্পূর্ণ জীবনচক্র সম্পন্ন করে সফল হয়েছিল চীন। সে সময় উৎপাদিত ৫৯টি স্পেস সিড পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। তবে এবারের গবেষণার লক্ষ্য আরও বড়—মহাকাশে পরপর দুই প্রজন্মের ধান চাষের সম্ভাবনা খুঁজে দেখা। মহাকাশের প্রতিকূল পরিবেশে একাধিক প্রজন্মের ধান উৎপাদন ও টিকে থাকা সম্ভব কি না, তা জানতে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা চালানো হচ্ছে।
গবেষণায় মোট চারটি চাষ ইউনিট ব্যবহার করা হয়েছে। প্রতিটি ইউনিটে রয়েছে ছয়টি করে ধানের বীজ। এগুলোকে দুটি দলে ভাগ করে দুই ধরনের জ্যাপোনিকা ধানের বীজ নিয়ে পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে একটি হলো স্বাভাবিক বীজ এবং অন্যটি ২০২২ সালে মহাকাশে উৎপাদিত ধানের বংশধর। আগের পরীক্ষায় ধান কাটার পর কিছু গাছের গোড়া বা শিকড় রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে নতুন কুঁড়ি জন্ম নেয়। এবার সেই বংশধর ধানেরও মহাকাশে চাষ করা হচ্ছে।
চীনের নভোচারীরা বর্তমানে নতুন ধানের শিষ সংগ্রহের পাশাপাশি কাণ্ড ও পাতাও কম তাপমাত্রায় সংরক্ষণ করছেন। পরবর্তীতে এসব নমুনা পৃথিবীতে এনে বিস্তারিত বিশ্লেষণ করা হবে। গবেষণার ফলাফল ভবিষ্যতে মহাকাশে খাদ্য উৎপাদনের প্রযুক্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে স্বনির্ভর কৃষিব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



