মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২’। পরিচালক আদিত্য ধরের এই সিনেমাটি প্রিভিউ থেকেই আয়ের দৌড়ে এগিয়ে ছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) পেইড প্রিভিউতেই দেশীয় বাজারে প্রায় ৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি, আর বিশ্বজুড়ে এর আয় দাঁড়ায় প্রায় ৭৫ কোটি রুপি। এ হিসেবে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে ‘ধুরন্ধর ২’।
প্রথম দিনের আয়ের হিসেবে বলিউডের ইতিহাসে শীর্ষস্থান অর্জন করেছে সিনেমাটি। ভারতীয় প্রেক্ষাগৃহে সিনেমাটির ৮,৯২৮টি শোয়ের সবগুলোতে হাউজফুল অবস্থা দেখা গেছে, যা থেকে আয় হয়েছে ১০২ কোটি রুপি। দেশীয় বাজারে বিভিন্ন মাধ্যম থেকে সর্বমোট আয় দাঁড়িয়েছে ১৪৫ কোটি রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রথম দিনে সিনেমাটির আয় প্রায় ৯ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এভাবে জওয়ান (১২৯ কোটি রুপি), পাঠান (১০৪ কোটি) ও অ্যানিম্যালের (১০১ কোটি) মতো সিনেমাকে পেছনে ফেলে বলিউডে নতুন রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর ২’। এ ছাড়া ‘আরআরআর’, ‘বাহুবলি ২’, ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর মতো প্যান-ইন্ডিয়া সিনেমাগুলোর ওপেনিং আয়কেও ছাড়িয়ে গেছে এটি।
সিনেমাটির এত বড় সাফল্যের কারণ এর কাহিনি ও গল্প বলার ধরন। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সিক্যুয়ালটিতে হামজা ওরফে যশকিরাত সিং রাঙ্গির গুপ্তচরজীবনের গল্প তুলে ধরা হয়েছে। নির্মাতা আদিত্য ধর গল্পের পরতে পরতে চমকের রহস্য রেখেছেন, বাড়তি মাত্রা যোগ করেছে ‘বড় সাহেব’ চরিত্রের রহস্য উন্মোচন। রণবীর সিং-এর কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবনের অভিনয় এবং সিনেমার গান দর্শকদের মুগ্ধ করেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি।



