প্রযুক্তির উৎকর্ষে গতির এক নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকদের তৈরি একটি বিশেষ ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম হয়েছে। ১০০০ টনেরও বেশি ওজনের এই ট্রেনটি যে কেবল উচ্চগতি অর্জনে সফল হয়েছে তা নয়, গবেষকরা এটি অত্যন্ত নিরাপদে ও সফলভাবে থামাতেও সমর্থ হয়েছেন। ট্রেনটি এতই দ্রুতগামী যে চোখের পলক ফেলার আগেই তা দৃষ্টিসীমা অতিক্রম করে যায়।
এই অভাবনীয় গতির মূলে রয়েছে অতিপরিবাহী চুম্বক প্রযুক্তি বা ম্যাগলেভ সিস্টেম। এই প্রযুক্তিতে ট্রেনের চাকার সঙ্গে রেললাইনের কোনো সরাসরি সংযোগ থাকে না; ফলে ঘর্ষণহীনভাবে ট্রেনটি বাতাসের ওপর ভেসে চলাচল করতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ট্রেনটির এই অতিপ্রাকৃত গতি দেখে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
গবেষকদের মতে, এই প্রযুক্তি শুধু যাতায়াত ব্যবস্থায় বিপ্লব আনবে না, বরং ভবিষ্যতে রকেট উৎক্ষেপণের কাজেও এটি ব্যবহার করা যেতে পারে। যদি এই শক্তিশালী ম্যাগলেভ ট্রেনটি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়, তবে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে আসবে এবং মানুষের ভ্রমণের ধারণা সম্পূর্ণ বদলে যাবে।



