মেনস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট গেম খেলার পর মূল গল্পের শেষ পর্যায়ে পৌঁছান আইশোস্পিড। যুক্তরাষ্ট্রে গেমটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার কিছুক্ষণ আগে তার এই দীর্ঘ লাইভ স্ট্রিমিং শুরু হয়। এরপর টানা দুই দিন দর্শকরা তার গেম খেলা, বিভিন্ন মিশন সম্পন্ন করা এবং গল্পের শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই গেমটির মূল গল্পের ৮০ শতাংশের বেশি সম্পন্ন করেছিলেন তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার ক্লান্তিও স্পষ্ট হয়ে ওঠে। পুরো স্ট্রিমিং চলাকালে ঘুমাননি বলে দর্শকদের জানান আইশোস্পিড। তবে এত দীর্ঘ সময় জেগে থেকে গেম খেলার বিষয়টি শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
শেষ পর্যন্ত গেমটির গল্প শেষ করলেও সমাপ্তির কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট হতে পারেননি আইশোস্পিড। এ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন তিনি। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন। তার এই প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে বাড়তি আলোচনার জন্ম দেয়।
তবে ‘জিটিএ ৬’-এর মূল গল্প শেষ করা প্রথম স্ট্রিমার নন আইশোস্পিড। তার আগেই নিউজিল্যান্ডে গেমটি আগাম উন্মুক্ত হওয়ার সুযোগ নিয়ে ৪০ ঘণ্টার কম সময়ে মূল গল্প শেষ করেছিলেন স্ট্রিমার ব্রাইসএক্সডি। এরপর ৫২ ঘণ্টার বেশি সময়ের ম্যারাথন স্ট্রিমিংয়ের মাধ্যমে গেমটি শেষ করেন আইশোস্পিড। তার এই ব্যতিক্রমী আয়োজন গেমিংপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সূত্র: মেনস জার্নাল



