চাঁদের পৃষ্ঠ পাথরকুচি ও ধুলার স্তরে ঢাকা, যা ‘রেগোলিথ’ নামে পরিচিত। পৃথিবীর মাটির মতো এতে জৈব পদার্থ ও নাইট্রোজেন নেই। বরং তামাসহ বিভিন্ন ভারী ধাতু থাকায় সেখানে সরাসরি ফসল উৎপাদন কঠিন। পরীক্ষায় দেখা যায়, শুধু চাঁদের মাটিতে আলুর শিকড় গজায়নি। এ সমস্যা সমাধানে গবেষকরা চাঁদের মাটির সঙ্গে ‘ভার্মিকম্পোস্ট’ বা রেড উইগলার প্রজাতির কেঁচো দিয়ে তৈরি সার মেশান। মাত্র ৫ শতাংশ কেঁচো সার মেশানোর পর আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশালে পৃথিবীর মাটির মতো ভালো ফলন পাওয়া যায়।
নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, ২০৩০ সালের আগে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনেরও। দেশ দুটি চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি গড়ে তোলার বিষয়েও কাজ করছে। তবে পৃথিবী থেকে দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় সব খাবার চাঁদে নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। তাই সেখানে খাদ্য উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিজ্ঞানীদের মতে, আলু মহাকাশচারীদের জন্য সম্ভাবনাময় একটি খাদ্য। এতে প্রচুর ক্যালোরির পাশাপাশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন ও ফাইবার রয়েছে। কলার তুলনায় আলুতে পটাশিয়ামের পরিমাণও বেশি। এ ছাড়া আলু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে।
গবেষণাটি গ্রিনহাউজে ছোট টবে পরিচালিত হওয়ায় উৎপাদিত আলুগুলোর ওজন ১০ গ্রামের কম ছিল। বিজ্ঞানীরা এখনো সেগুলো খেয়ে দেখেননি; বরং পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠিয়েছেন। পরীক্ষায় আলুগুলোকে খাওয়ার উপযোগী এবং পুষ্টিগুণ অক্ষুণ্ন রয়েছে বলে পাওয়া গেছে। তবে কয়েকটি নমুনায় সামান্য পরিমাণ ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত হওয়ায় এ বিষয়ে আরও সতর্ক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
মহাকাশে আলু চাষের প্রচেষ্টা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে পেরুর আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র জানিয়েছিল, মঙ্গল গ্রহের পরিবেশেও আলুর অঙ্কুরোদ্গম সম্ভব। চলতি বছরের শুরুতে নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্লাস্টিকের ব্যাগে একটি বেগুনি আলু চাষ করে সফল হন। তিনি আলুটির নাম দেন ‘স্পাডনিক’। মহাকাশে অভিকর্ষের অভাবে আলুটির শিকড় নিচের দিকে না গিয়ে ওপরের দিকে বেড়ে উঠেছিল। হলিউডের ‘দ্য মার্শিয়ান’ সিনেমায় অভিনেতা ম্যাট ডেমনের আলু চাষের দৃশ্য দেখে তিনি এ কাজে অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানান।
আলুর পাশাপাশি চাঁদের মাটিতে অন্যান্য ফসল উৎপাদন নিয়েও গবেষণা চলছে। গত মার্চে কেঁচো সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা চাষের পরীক্ষাও করা হয়। এ ছাড়া টমেটো, লেটুস ও আলফালফা চাষের সম্ভাবনা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। গবেষণার সহলেখক ডেভিড হ্যান্ডির মতে, এই প্রযুক্তি শুধু মহাকাশেই নয়, পৃথিবীতেও কাজে লাগতে পারে। বিশেষ করে মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দূষিত ও অনুর্বর জমিতে ফসল উৎপাদনের ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।



