‘ট্রেন টু বুসান’ খ্যাত পরিচালক ইয়ন সাং-হো দীর্ঘ বিরতির পর আবারও জম্বি ঘরানায় ফিরছেন। তার নতুন চলচ্চিত্র ‘কলোনি’ ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবের সম্মানজনক ‘মিডনাইট স্ক্রিনিং’ সেকশনে প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। ঠিক ১০ বছর আগে তার কালজয়ী সিনেমা ‘ট্রেন টু বুসান’ও এই একই উৎসবে বিশ্ববাসীর নজর কেড়েছিল।
চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে একটি অত্যাধুনিক বায়োটেক কনফারেন্স এবং একটি সিলগালা করা ভবনকে কেন্দ্র করে। সেখানে একটি রহস্যময় ভাইরাসের সংক্রমণে মানুষ দ্রুত রূপান্তরিত হতে শুরু করলে আটকা পড়া সার্ভাইভারদের টিকে থাকার লড়াই শুরু হয়। পরিচালক জানিয়েছেন, এটি কেবল সাধারণ কোনো অ্যাকশন সিনেমা নয়, বরং আধুনিক সমাজের ভয় ও অস্থিরতাকে এখানে তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা জুন জি-হিউন, জি চ্যাং-উইক এবং কু কিও-হওয়ান। মে ২০২৬-এ কান উৎসবে প্রিমিয়ারের পর এটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। জম্বি সিনেমার ভক্তদের জন্য এটি বছরের অন্যতম প্রতীক্ষিত কাজ হতে যাচ্ছে।



