দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। বুধবার মূল্য বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতিভরি স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানায়। নতুন মূল্য আগামী শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দামে নিম্নমুখী প্রবণতার কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণ ভরিতে ১,৩৫৩ টাকা কমে দাঁড়িয়েছে ২,০৮,১৬৭ টাকা। ২১ ক্যারেটে ১,৩০৭ টাকা কমে নতুন দাম ১,৯৮,৬৯৬ টাকা। ১৮ ক্যারেটে ১,১০৮ টাকা কমে দাম হয়েছে ১,৭০,৩১৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৯৪৪ টাকা কমে দাঁড়িয়েছে ১,৪১,৬৪৮ টাকা।
এর আগে বুধবারের ঘোষণায় বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল—২২ ক্যারেটে প্রতি ভরি ২,৬১২ টাকা, ২১ ক্যারেটে ২,৫০৮ টাকা, ১৮ ক্যারেটে ২,১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১,৮৩১ টাকা। আজ ওই বাড়তি মূল্যেই স্বর্ণ বিক্রি হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।
২২ ক্যারেট রুপা ভরিতে ৪,২৪৬ টাকা,
২১ ক্যারেট ৪,০৪৭ টাকা,
১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা
এবং সনাতন পদ্ধতিতে ২,৬০১ টাকা।
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক স্বর্ণবাজারের অস্থিরতা এবং স্থানীয় তেজাবী স্বর্ণের দামের ওঠানামার কারণে স্বল্প সময়ের ব্যবধানে এ ধরনের সমন্বয় প্রয়োজন হচ্ছে।



