নাজমুন নাহার বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন। বিশ্বের ৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই বিরল কীর্তি অর্জন করেন। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম মুসলিম নারী, যিনি এত বিস্তৃত পরিসরে নিজ দেশের জাতীয় পতাকা নিয়ে বিশ্বভ্রমণ সম্পন্ন করেছেন—যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অসাধারণ সম্মানের বিষয়।
এই ব্যতিক্রমী অর্জনের স্বীকৃতিস্বরূপ দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নাজমুন নাহারকে সম্মানসূচক উপাধি ‘Flag Laureate of National Pride’ প্রদান করেছে। তার এই অভিযাত্রা সাহস, ঐক্য, শান্তি এবং পরিবেশগত দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তা বহন করে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম, হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় গর্ব, সাহসিকতা ও বৈশ্বিক দায়িত্ববোধে অনুপ্রাণিত ব্যক্তিত্বদের সম্মান জানানো ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গীকারের অংশ। নাজমুন নাহারের এই অর্জন বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পরিসরে দেশকে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।



