বয়স ৮৩, তবুও কাজের ব্যস্ততায় কোনো ছেদ পড়েনি বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। বয়সকে উপেক্ষা করে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন এই কিংবদন্তি অভিনেতা। সম্প্রতি নিজের ব্লগে টানা ২৪ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
অতিরিক্ত ব্যস্ততার কারণে নিয়মিত ব্লগ লেখার অভ্যাসেও সাময়িক বিরতি পড়েছে বলে জানান অমিতাভ। ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, গত কয়েক দিন কাজের সময় ও চাপ এতটাই বেশি ছিল যে নিজের জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।
অমিতাভ জানান, সম্প্রতি তার একটি শুটিং শিফট শুরু হয় সকাল ৭টায় এবং শেষ হয় পরদিন সকাল ৭টায়। অর্থাৎ টানা ২৪ ঘণ্টা শুটিং ফ্লোরে কাটিয়েছেন তিনি। দীর্ঘ এই শিফটের কারণে তার স্বাভাবিক জীবনযাত্রার ছন্দও কিছুটা ব্যাহত হয়েছে। এমনকি কাজের ব্যস্ততায় খাওয়া ও ঘুমের সময়ও ঠিকমতো মেলেনি।
তবে এতটা পরিশ্রমের পেছনে নিজের দায়িত্ববোধকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অমিতাভ বচ্চন। কাজের প্রতি দায়বদ্ধতাকে তিনি সবসময় অগ্রাধিকার দেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে চান না বলেও জানিয়েছেন।
বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম মৌসুমের সঞ্চালনার পাশাপাশি অন্যান্য পেশাগত কাজেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। একাধিক কাজের চাপেই তার শুটিং সূচি এতটা ব্যস্ত হয়ে উঠেছে বলে জানা গেছে।
দীর্ঘ অভিনয়জীবনে কাজের প্রতি অমিতাভ বচ্চনের নিষ্ঠা বরাবরই আলোচিত। এর আগেও তিনি জানিয়েছিলেন, কোনো দিন কাজ না থাকলে তার অস্বস্তি হয়। নিয়মিত কাজের মধ্যেই তিনি নিজের জীবনের ছন্দ খুঁজে পান। ৮৩ বছর বয়সেও সেই অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। বরং বয়সকে পেছনে ফেলে এখনও সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন বলিউডের এই বর্ষীয়ান তারকা।



