সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার স্বীকৃতি দিতে ২১টি ক্যাটাগরিতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতেই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, মানুষের জীবন ও পরিবেশের জন্য বহুমুখী উপকার বয়ে আনে। শিক্ষার্থীদের গাছের উপকারিতা সম্পর্কে গবেষণা ও জানার আগ্রহ বাড়ানোরও পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্কুল কিংবা বাসার আশপাশে রোপণ করা একটি গাছ ভবিষ্যতে ছায়া, শীতল পরিবেশ ও নির্মল বাতাসের উৎস হয়ে উঠতে পারে। তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ অতিক্রম করে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়েছে।



