বয়স ৪০, তবুও থামছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও নিবেদিতপ্রাণ এই পর্তুগিজ সুপারস্টার আরও একবার বিশ্বমঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছেন। ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে শিরোপা জয়ের সম্ভাবনার কথা জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ রেনে মিউলেনস্টিন।
সম্প্রতি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন রোনালদো, অর্থাৎ ৪২তম জন্মদিন পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই সিদ্ধান্তে মুগ্ধ মিউলেনস্টিন বলেন, ‘এই বয়সেও রোনালদো খেলছেন, ফিট আছেন এবং বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন—এটা সত্যিই অসাধারণ।’
সৌদিতে দুটি টানা গোল্ডেন বুট জিতে নিজের আধিপত্য প্রমাণ করেছেন রোনালদো। জাতীয় দলেও আছেন দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ইউরোপীয় নেশন্স লিগ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। পর্তুগালের হয়ে ২২১ ম্যাচে ১৩৮ গোল করে গড়েছেন আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস। এখন তার চোখ ১০০০ গোলের মাইলফলকের দিকে।
রোনালদো সবসময় লক্ষ্যভিত্তিক খেলেন—এমনটাই জানান মিউলেনস্টিন। তার ভাষায়, ‘রোনালদো রেকর্ড ভাঙতে ভালোবাসেন। সৌদি লিগের অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে, আর শিরোপা জেতার ক্ষুধা এখনো আগের মতোই তীব্র।’
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এটি হবে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। সাবেক কোচের মতে, বর্তমান পর্তুগাল দলে রয়েছে তরুণ প্রতিভা, গুণগত মান এবং গভীরতা। রোনালদোর অভিজ্ঞতা এই দলকে আরও পরিপূর্ণ করবে। যদিও ২৮ বছর বয়সের রোনালদোকে আর পাওয়া যাবে না, তবুও তিনি বিশেষ অবদান রাখতে পারেন।
রোনালদোর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা হলো বিশ্বকাপ ট্রফি। এবার সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ আসতে পারে তার সামনে। মিউলেনস্টিনের মতে, সময় এখনো ফুরিয়ে যায়নি। রোনালদো ও পর্তুগালের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে—শেষবারের মতো রোনালদো কি পারবেন পূরণ করতে নিজের ‘স্বপ্নের অপূর্ণতা’?



