বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার লেস্টারে ঘটে গেল এক অনন্য ঘটনা, যা ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন মনে রাখার মতো। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস বনাম পাকিস্তান চ্যাম্পিয়নস ম্যাচে একটি ওভারেই বল হলো ১৮টি! কারণ, অস্ট্রেলিয়ার জন হেস্টিংস একাই দিলেন ১২টি ওয়াইড! এই অবিশ্বাস্য ‘দুঃস্বপ্নের’ ওভারে ওভার শেষ হওয়ার আগেই ম্যাচই শেষ হয়ে যায়, আর ধারাভাষ্যকাররাও বাকরুদ্ধ হয়ে যান।
ম্যাচের শুরুতে পাকিস্তান চ্যাম্পিয়নসের অধিনায়ক শোয়েব মালিক টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান। অস্ট্রেলিয়ার শুরুটা মোটামুটি হলেও ওপেনারদের দ্রুত ফেরান সোহেল তানভীর ও সোহেল খান। এরপর বেন ডাঙ্কের দ্রুতগতির ২৬ ও ক্যালাম ফার্গুসনের ধীরস্থির ব্যাটিং কিছুটা সামাল দিলেও সাঈদ আজমলের ঘূর্ণিতে নাভিশ্বাস ওঠে অজিদের।
মাত্র ৩৯ বলের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ৭৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। আজমলের দুর্দান্ত স্পেলে মাত্র ১৬ রানে ৬ উইকেট—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাকে দারুণভাবে সহায়তা করেন ইমাদ ওয়াসিম, যিনি নেন ২ উইকেট।
মাত্র ৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন পাকিস্তানের দুই ওপেনার শারজিল খান ও সোহায়ব মাকসুদ। তারা ৭.৫ ওভারেই সহজ জয় নিশ্চিত করেন। শারজিল অপরাজিত থাকেন ৩২ রানে এবং মাকসুদ ২৮ রানে।
তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিল সেই ওভারটি, যা ক্রিকেটের জন্য যেন এক প্রহসন। শেষ মুহূর্তে মাত্র ২০ রান দরকার থাকলেও হেস্টিংস এমন বিশৃঙ্খল বোলিং করেন যে, ওভার শেষ হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যায়। ওভারের প্রথম পাঁচ বলই ওয়াইড, এরপর ছিল নো বল, আরও ওয়াইড এবং লেফটহ্যান্ডার শারজিলের বিপক্ষে অ্যাঙ্গেল বদল করে আবারও ওভারস্টেপ! হতাশ হয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লি মাথা থেকে টুপি খুলে ফেলেন।
এই জয়ের মাধ্যমে পাকিস্তান চ্যাম্পিয়নস পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। তবে তাদের পরবর্তী ম্যাচ সেমিফাইনালে ভারত চ্যাম্পিয়নসের সঙ্গে হওয়ার কথা, যারা আগের ম্যাচ বয়কট করেছিল রাজনৈতিক উত্তেজনা ও পেহেলগাম হামলার প্রেক্ষাপটে। ফলে ম্যাচটি আদৌ হবে কি না, তা এখনো অনিশ্চিত।
আজমলের জাদুকরী স্পেল আর হেস্টিংসের বিভ্রান্তিকর ওভার—এই দুই বিপরীত চিত্রই এই ম্যাচকে স্মরণীয় করে রাখবে নিঃসন্দেহে।



