দারুণ ফর্মে থাকা ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ সদস্য কাভান সুলিভান মাত্র ১৬ বছর বয়সেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার মেজর লিগ সকারের (এমএলএস) দল ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে চলতি মৌসুমে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। এই দলে বেশ কয়েকজন নতুন মুখ জায়গা পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কাভান সুলিভান। যুক্তরাষ্ট্রের ফুটবলে তাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে। জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলের হয়ে মাঠে নামা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নিতে পারেন সুলিভান।
সুলিভানের অন্তর্ভুক্তির বিপরীতে এবারের স্কোয়াডের অন্যতম বড় খবর ক্রিশ্চিয়ান পুলিসিচের অনুপস্থিতি। এসি মিলানের এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন। তবে বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম স্কোয়াডে তাকে রাখেননি পচেত্তিনো। একইভাবে বিশ্বকাপের দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও এবার স্কোয়াডে নেই। তাদের মধ্যে ওয়েস্টন ম্যাককেনিও রয়েছেন। চোট, ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর জাতীয় দলে ফিরেছেন ইউনুস মুসাহ।
সামনে যুক্তরাষ্ট্রের চারটি প্রীতি ম্যাচ রয়েছে—পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরখ করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও তার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
যুক্তরাষ্ট্র জাতীয় দলের ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, দিয়েগো কোচেন ও ব্রায়ান শোয়াক। ডিফেন্ডার হিসেবে আছেন জর্জ ক্যাম্পবেল, সের্হিনিও দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, পেটন মিলার, নিল পিয়ের, ক্রিস রিচার্ডস, মাইলস রবিনসন, অ্যান্টোনি রবিনসন, অস্টন ট্রাস্টি ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড। মিডফিল্ডে রয়েছেন টাইলার অ্যাডামস, ম্যাথিস আলবার্ট, সেবাস্তিয়ান বারহাল্টার, জাভিয়ার গোযো, আদ্রি মেহমেতি, ইউনুস মুসাহ, ব্রুকলিন রেইনস, জিও রেইনা ও মালিক টিলম্যান। ফরোয়ার্ডদের মধ্যে রয়েছেন কোল ক্যাম্পবেল, জাস্টিন এলিস, জুলিয়ান হল, রিকার্ডো পেপি ও কাভান সুলিভান।



