ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। এর পর থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে কোনো ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা—এই পুরো সময়জুড়ে নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। সে অনুযায়ী ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে জামায়াতের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



