হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ‘নোট’ ফিচার, যার মাধ্যমে সহজেই নিজের মুড, ভাবনা বা জরুরি বার্তা অন্যদের জানানো যাবে—ঠিক ইনস্টাগ্রাম নোটের মতো। ব্যস্ত সময়ে আলাদা করে মেসেজ পাঠাতে না হলেও এখন পরিচিতরা আপনার অবস্থা তৎক্ষণাৎ বুঝে নিতে পারবেন।
মার্ক জাকারবার্গের নেতৃত্বে হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার যুক্ত করে ব্যবহার-সহজতা বাড়াচ্ছে। এবার বড় পরিবর্তন এসেছে অ্যাপের ‘About’ সেকশনে। আগে যেখানে ছোট স্ট্যাটাস যুক্ত করা যেত, এখন সেটি আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে নোট আকারে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোট ফিচারের মতোই ব্যবহারকারীরা তাঁদের মুড, চিন্তা, গানের লাইন বা সংক্ষিপ্ত বার্তা শেয়ার করতে পারবেন। নতুন এই নোট প্রোফাইল ছবির উপরের ছোট বাবলের মধ্যে দেখা যাবে, এবং কেউ চ্যাট খুললেই তা চোখে পড়বে। চাইলে নোটে রিপ্লাই দেওয়ার সুযোগও থাকবে।
ব্যস্ততার কারণে বার্তা দেখতে দেরি হলে ‘ব্যস্ত আছি’ বা ‘মিটিংয়ে আছি’—এ ধরনের ছোট একটি নোটই পরিস্থিতি বোঝাতে যথেষ্ট হবে। একইসঙ্গে নিজের অনুভূতি বা ব্যক্তিগত ভাবনাও দ্রুত সবার সঙ্গে ভাগ করে নেওয়া যাবে এই ‘About’ নোটের মাধ্যমে।
কীভাবে ব্যবহার করবেন নতুন About নোট ফিচার:
হোয়াটসঅ্যাপ খুলুন।
প্রোফাইল ছবিতে ক্লিক করে About সেকশন খুলুন।
পছন্দের নোটটি লিখুন।
কে এটি দেখতে পাবে এবং কতক্ষণ দৃশ্যমান থাকবে—তা নির্বাচন করুন।
এতেই আপনার নোট সেট হয়ে যাবে।



